আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
সিইসি জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিন সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ–২০২৫ নিয়ে গণভোট অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ দিন ১১ জানুয়ারি, আর আপিল নিষ্পত্তি করা হবে ১২ থেকে ১৮ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং ২১ জানুয়ারি রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।
তফসিল ঘোষণার আগে বুধবার দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। পরে বিকেল ৪টায় সিইসির ভাষণ রেকর্ড করা হয়, যা পরদিন প্রচারিত হয়।