কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার ৮ নং মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, জুলাই আন্দোলনের যোদ্ধা ও বিএনপির ত্যাগী নেতা এবং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার জনাব কামরুল ইসলাম জনগণের মতামত ও অভিযোগ শোনার লক্ষ্যে একটি ব্যতিক্রমী উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করেছেন।
তার পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে প্রতিটি ওয়ার্ডে অভিযোগ বক্স স্থাপনের উদ্যোগের কথা জানিয়েছেন তিনি। এর মাধ্যমে সাধারণ মানুষ যেন নির্ভয়ে নিজেদের সমস্যা, অভিযোগ, পরামর্শ ও মতামত তুলে ধরতে পারেন, সেই সুযোগ তৈরি করতে চান তিনি।
এ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, “অনেক মানুষ আছেন, যারা নানা কারণে সরাসরি তাদের কথা বলতে পারেন না। আমি প্রতিটি মানুষের কথা শুনতে চাই। এ জন্য মারিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে একটি করে অভিযোগ বক্স স্থাপন করতে চাই। সেখানে আপনারা আপনাদের সমস্যা, অভিযোগ, পরামর্শ কিংবা যেকোনো মতামত লিখে জানাতে পারবেন।”
তিনি মনে করেন, জনগণের কথা শোনা এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করাই জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম। তবে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে এর কার্যকারিতা নির্ভর করবে অভিযোগের যথাযথ মূল্যায়ন, স্বচ্ছতা এবং সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের ওপর।