নারায়ণগঞ্জ প্রতিনিধি | নিউজ নগর
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী আইলপাড়া এলাকার বাসিন্দা সালাউদ্দিন (৬০) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, সাধারণভাবে লুডু খেলার একটি ভিডিওকে জুয়া খেলার ভিডিও হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত।
সালাউদ্দিন ও তাঁর স্বজনদের দাবি, গত ১৮ তারিখে তিনি আরও দুজনের সঙ্গে বসে অবসর সময়ে লুডু খেলছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি তাঁদের খেলার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। পরে ভিডিওটি স্থানীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও প্রকাশিত হয় বলে তাঁরা জানান।
সালাউদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকায় সুনামের সঙ্গে বসবাস করে আসছি। সেদিন আমরা কয়েকজন মিলে শুধু সময় কাটানোর জন্য লুডু খেলছিলাম। কিন্তু সেই ভিডিওকে জুয়া খেলার ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”
তিনি এ ধরনের ভিডিও ধারণ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের ক্ষেত্রে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এদিকে, সালাউদ্দিন ও তাঁর স্বজনেরা এলাকাবাসীসহ সচেতন মহলকে ভিডিওটির বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।