বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

আদালতে মামলা চলমান থাকার পরেও বন্দরে জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির ঘটনায় সন্ত্রাসী মিঠুর বিরুদ্ধে বন্দর থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জপ্রতিনিধি:

আদালতে দেওয়ানি মামলা বিচারাধীন থাকার পরও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যান্দি এলাকায় জোরপূর্বক জমি দখল, বাউন্ডারি দেয়াল নির্মাণের চেষ্টা এবং পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে সন্ত্রাসী মিঠু বাহিনীর বিরুদ্ধে।

​এ ঘটনায় ভুক্তভোগী মো: আরিফুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কল্যান্দি এলাকার চিহ্নিত ভূমিদস্যু মোঃ সাহাবুদ্দিন (৬২), মোঃ গিয়াসউদ্দিন (৬৮), মোঃ শিপন (৫৮) ও মোঃ মিঠু (৫৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে বিবাদী করা হয়েছে।

​অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী মৌজার আরএস ১১৭ দাগের জমি নিয়ে নারায়ণগঞ্জ সাব-জজ আদালতে একটি দেওয়ানি মামলা (নং- ২৫৪/২০২৩) চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও ১ থেকে ৪ নম্বর বিবাদীগণ দীর্ঘদিন ধরে ওই জমির মালিক ও ভোগদখলকারী আরিফুল ইসলামের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গায়ের জোরে জমি দখলের পাঁয়তারা শুরু করেন।

​সর্বশেষ গত ১৮ অক্টোবর দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকার সময় অভিযুক্তরা ভাড়াটে লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের প্রস্তুতি নেন। স্থানীয়দের মাধ্যমে খবর জমির বৈধ মালিক আরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীগণ তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে ৪ নম্বর বিবাদী মোঃ মিঠু তাঁর কোমর থেকে একটি পিস্তল বের করে আরিফের দিকে তাক করেন এবং পুনরায় জমিতে আসলে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

একটি সূত্র থেকে জানা যায়, সন্ত্রাসী রফিকুল ইসলাম মিঠু ওয়ারী থানাধীন বনগ্রাম বসবাস করতেন। মিঠু ঢাকা মহানগর দক্ষিণের ৩৮ নং ওয়ার্ড যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ছিলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর পুত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী গৌরব এর সশস্ত্রধারী ক্যাডার হিসাবে পরিচিত এই মিঠু।

গত ২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে তৎকালীন ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গৌরবের অস্ত্রধারী যুবলীগের ক্যাডার মিঠু ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকার বাসা ছেড়ে নারায়ণগঞ্জের বন্দর কলাগাছিয়া ইউনিয়ন এর কল্যান্দি এলাকায় এসে আত্মগোপন করেন। সন্ত্রাসী
মিঠুর বিরুদ্ধে রাজধানীর ওয়ারি থানাসহ ঢাকা বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

​জমি দখলের চেষ্টার বিষয়ে ভুক্তভোগী মোঃ আরিফুল ইসলাম বলেন, “আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীগণ বেআইনিভাবে জমি দখলের চেষ্টা করছেন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়ায় বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম ভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করছি।”

​এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর