কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর নতুন বন্দর গ্রামের বাসিন্দা আনোয়ার আর্মির ছেলে রকিব হাসানকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রৌমারী-ঢাকাগামী পলি পরিবহনের একটি বাসে অভিযান পরিচালনা করে ডিএনসির সদস্যরা রকিব হাসানকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা স্ত্রী ও সন্তানকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। অভিযানে তার কাছ থেকে মোট ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, রকিব হাসান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক-সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
এর আগে, গত বছরের ৩০ জুন রৌমারী থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে রকিব হাসানকে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়াও, তৎকালীন ওসি রূপ কুমার বিশ্বাসের নেতৃত্বে তার বাড়িতে পরিচালিত পৃথক অভিযানে ২২ হাজার ৬ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।