কিশোরগঞ্জে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতীক শহীদ আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে গণঅধিকার পরিষদ জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ আবরার ফাহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তারা আধিপত্যবাদ ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সোচ্চার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আবরার ফাহাদ যে অবস্থান নিয়েছিলেন, তা তরুণ সমাজের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকবে। তার আত্মত্যাগ দেশের মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে নতুন প্রজন্মকে সচেতন হতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানের শেষপর্বে শহীদ আবরার ফাহাদসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে নির্যাতন করে হত্যা করা হয়। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।