কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন।
সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোঃ জালাল উদ্দীন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা নির্বাহী অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, হাওরাঞ্চলে নৌ-ডাকাতি প্রতিরোধ, শহর এলাকায় চুরি-ছিনতাই নিয়ন্ত্রণ, যানজট নিরসন, জলাবদ্ধতা এবং সড়কের দুরবস্থাসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।