সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রতিমন্ত্রীর

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোঃ আল আমিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোরগঞ্জের প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা সচল রাখা, অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।

রোববার (১১ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সভায় ইয়াসের খান চৌধুরী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করলেও রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি মণ্ডপই গুরুত্বপূর্ণ। এ কারণে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহারার ব্যবস্থা করতে হবে। এ কাজে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং ধারণ করা ভিডিও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বৈদ্যুতিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রতিটি মণ্ডপে উপযুক্ত অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশনা দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্গাপূজা নিয়ে অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, জনসচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।

সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে নির্দেশ দেন ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে বৈধভাবে বালু উত্তোলনকারীদের কাগজপত্র যাচাই করার ওপর গুরুত্ব দেন তিনি।
পূজামণ্ডপে যাতায়াতের সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে আজান ও নামাজের সময়সূচি উল্লেখ করে একটি চার্ট পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি। যাতে নামাজের সময়সূচি বিবেচনায় নিয়ে পূজার কার্যক্রম পরিচালনা করা যায় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে।

সভায় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর