বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামান জি এস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের বন্দরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার নালিতাবাড়ীতে গণশুনানি, দুর্নীতি কমাতে সিসি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি ইউএনওর বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৩০ বছর পর কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার পাগলা মসজিদের স্বর্ণ-রূপা ও বৈদেশিক মুদ্রা গণনা শুরু ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান প্রতিমন্ত্রীর বন্দর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে রাস্তা সংস্কারে শাকিল হোসাইনের উদ্যোগ মধুটিলায় মন্ত্রীর মতবিনিময় সভায় ফরহাদ হোসেনের উদ্যোগে গাড়িবহর মধুটিলা ইকোপার্কে পরিবেশমন্ত্রী হাতি সংরক্ষণে আন্তর্দেশীয় উদ্যোগের ঘোষণা

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান ডা. শফিকুর রহমানের

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সরকার ও বিরোধী দলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আয়োজিত এ সভায় সম্প্রদায়টির নিরাপত্তা, অধিকার, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

সভায় ডা. শফিকুর রহমানের বক্তব্য তুলে ধরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ সব ধর্মের মানুষের অভিন্ন মাতৃভূমি। এখানে কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়; হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সবাই বাংলাদেশের নাগরিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নয়ন-সমৃদ্ধি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে সরকার ও বিরোধী দল যৌথভাবে উদ্যোগ নেবে বলে আশ্বস্ত করেছেন বিরোধীদলীয় নেতা। ভবিষ্যতেও তাঁদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তায় জামায়াতের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেছেন বলে সভায় উল্লেখ করেন সম্প্রদায়টির নেতারা।

মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। তিনি বলেন, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা ভুলে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের নেতারা বলেন, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে হলে বক্তব্যের পাশাপাশি বাস্তবেও সব নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে। এ সময় তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা ও বঞ্চনার বিষয় তুলে ধরে সেগুলো সমাধানে সরকার ও বিরোধী দলকে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপিসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘসহ বিভিন্ন হিন্দু সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় উভয় পক্ষ পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর